শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারস্বরূপ ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল ভারতে পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে চালগুলো আগরতলা সীমান্ত অতিক্রম করে।

এই চাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে বিতরণ করা হবে বলে জানা গেছে।

চালের চালানটির কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই চাল পাঠানো হয়েছে। এগুলো বিশেষ উপহার হিসেবে ব্যবহৃত হবে।”

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান বলেন, “চালগুলো দ্রুত ছাড়করণের জন্য সব প্রক্রিয়া মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানে উপহার পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় এবারও ভারত সরকারকে ইলিশ মাছ উপহার দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। দুই দেশের মধ্যে কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় এ ধরনের উপহার প্রথা দীর্ঘদিন ধরেই চলমান।