ভারতের ফরিদাবাদে ২৮ বছর বয়সী এক যুবতীকে চলন্ত ভ্যানে প্রায় দুই ঘণ্টা ধরে গণধর্ষণ করা হয়েছে। পরে তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। অনলাইন এনডিটিভি জানাচ্ছে, ঘটনা সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঘটেছে।

ভুক্তভোগী রাতের দিকে বাসায় ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় ছিলেন। সেই সময় একটি ভ্যান থামে এবং ভেতরে থাকা দুই তরুণ তাকে বাড়ি পৌঁছে দেয়ার প্রলোভন দেখায়। কিন্তু ভ্যানটি বরং গুরগাঁও রোডের দিকে মোড় নেয় এবং প্রায় আড়াই ঘণ্টা ধরে তার ওপর নৃশংস যৌন নির্যাতন চালানো হয়। অভিযুক্তরা প্রতিবাদ সত্ত্বেও থামেনি, বরং হত্যার হুমকি দিয়েছে।

ভোর রাত ৩টার দিকে সিজিএম নগরের রাজা চৌকের কাছে ভুক্তভোগীকে চলন্ত ভ্যান থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তার মুখে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তার মুখে ১০–১২টি সেলাই দেন। শারীরিকভাবে তিনি স্থিতিশীল, তবে মানসিকভাবে চরমভাবে আহত।

ভুক্তভোগীর বোন জানান, ঘটনার আগের দিন যুবতী তাকে ফোন করে জানিয়েছিলেন যে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে এবং তিনি বন্ধুর বাড়িতে যাচ্ছেন। যুবতী বিবাহিত এবং তিনটি সন্তানের মা। দাম্পত্য বিরোধের কারণে স্বামীর সঙ্গে আলাদা থাকেন।

এই ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়েছে।