বিএনপি দাবি করেছে, ভারতের দৈনিক এই সময়-এ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি ভুল ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা ফখরুল স্পষ্টভাবে জানিয়েছেন যে ওই পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এমন কোনো বক্তব্য দেননি। অথচ সাক্ষাৎকারটির ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ভিন্ন ভিন্ন শিরোনামে খবর প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।
এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন যেন বিভ্রান্তিকর তথ্য প্রচার না করা হয়।





