দেশজুড়ে জ্বালানি তেলের চলমান সংকটের মধ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে প্রায় ৫৭ লাখ লিটার বা ৫ হাজার মেট্রিক টন ডিজেল। সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও ডিপো খোলা রেখেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এ তেল পরিবহন সম্পন্ন হয়।
জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দেশ্যে এই তেল সরবরাহ শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার সকাল ৬টার দিকে প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে ডিজেল পৌঁছায়।
পরে সকাল সাড়ে ৮টার দিকে সেখান থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অধীন পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন কোম্পানির কাছে তেল সরবরাহ করা হয়।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব জানান, পাইপলাইনের মাধ্যমে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেলের চালান সফলভাবে গ্রহণ করা হয়েছে। সাধারণত ভারত থেকে এভাবে তেল আসতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত তিন দফায় মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। আগামী শনিবার (২৮ মার্চ) আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।





