কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা সেবামূলক কার্যক্রম চালাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসব সেবার মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সহায়তা, মেডিকেল সেবা, ফ্রি বাইক সার্ভিস, বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ।


শুক্রবার (৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে কুবি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা এসব সেবা প্রদান করেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেন এবং মেডিকেল সেবা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করেন।


শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সেবা ও তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।


তিনি আরও জানান, কুবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য হল, মেস ও ভাড়া বাসায় থাকার পাশাপাশি খাবারের ব্যবস্থাও করা হয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল বুথ চালু করা হয়েছে। পাশাপাশি ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি ফ্রি বাইক সার্ভিস চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রথম দিনেই প্রায় ৫০ জন শিক্ষার্থীকে সেবা দেওয়া সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, দূরদূরান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে সেবা তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে তারা বিশ্রাম নিতে পারছেন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদেরও প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়া হবে। রাতের বেলায় আগত শিক্ষার্থীদের জন্য থাকার ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিবারের মতো এবারও ফ্রি বাইক সার্ভিস চালু করা হয়েছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। তিনি জানান, উৎসবমুখর পরিবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।