নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি ক্রীড়া অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। উপজেলার রাজাপুর হাইস্কুল মাঠে আয়োজিত রাত্রিকালীন এমআরএফ ফুটবল টুর্নামেন্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সংশ্লিষ্ট আচরণবিধি অমান্য করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা নির্বাচন কমিটির সদস্য সচিব শামসুল আলম রনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুলাড়ুলি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আলী আকবর।

অভিযোগ রয়েছে, উদ্বোধনী বক্তব্যে তারা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর–০৪ আসনের এমপি প্রার্থী আব্দুল আজিজ এবং পাবনা–০৪ আসনের এমপি প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের পক্ষে ভোট চান।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনকালীন সময়ে একটি ক্রীড়া অনুষ্ঠানে এ ধরনের রাজনৈতিক বক্তব্য ও প্রকাশ্য ভোট প্রার্থনা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।