ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,
রোববার দুপুরে জেলা শহরের কুমারশীল মোড় ও লোকনাথ দিঘীরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল দালালদের দৌরাত্ম্য রোধ এবং শহরের বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে সেবার মান যাচাইয়ের লক্ষ্যে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান। অভিযানকালে দেখা যায়, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এবং টেকনোলজিস্ট ছাড়াই রোগীদের এক্স-রে করা হচ্ছে।
এছাড়া সেবার মূল্য তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র দৃশ্যমান স্থানে না টানানো হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
এসব অপরাধে আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, আয়াত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল, স্ট্যান্ডার্ড হসপিটাল অব টোটাল হেলথ কেয়ার এবং নাজ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত চারটি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে। চিকিৎসার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





