ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরমটি রুমিন ফারহানার পক্ষে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সংগ্রহ করেন। এ সময় সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের বর্তমান এবং সাবেক কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলী হোসেন জানান, তাঁরা কয়েকজন নেতাকর্মীর মধ্য থেকে মনোনয়ন ফরম সংগ্রহের দায়িত্ব পেয়েছেন। পরবর্তী সিদ্ধান্ত ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেই নেবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত। রুমিন ফারহানার পাশাপাশি অন্তত অর্ধ ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে বিএনপি আসনটি তাদের শরীক দল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে দিয়েছেন। এতে ওই আসনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুমিন ফারহানা উল্লেখ করেন, “বড় দল হিসেবে বিএনপিকে নিজেদের ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু তারা জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করেছে, তাই আসন না দিলে জোট কীভাবে সম্ভব হতো। দল বাধ্য হয়ে আসন দিয়েছে। স্বতন্ত্রভাবে ভোট দিলে দল ব্যবস্থা নেবে কি-না, তা তাদের সিদ্ধান্ত।”