ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উঠেছে পর্তুগাল। দোহায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে তারা ৬–৫ গোলে হারিয়েছে ব্রাজিলকে। ম্যাচজুড়ে আক্রমণ–প্রতিআক্রমণে জমজমাট লড়াই হলেও নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি।

প্রথমার্ধে পর্তুগাল ছয়টি এবং ব্রাজিল আটটি শট নিলেও কোনোটিই জালে যায়নি। বিরতিতেও একই চিত্র দেখা যায়। অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়।

পেনাল্টিতে শুরুতে দুই দলই পাঁচটি করে শট নিখুঁতভাবে পরিণত করে। এরপর আসে নাটকীয় মুহূর্ত। পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের শট বাইরে মারলেও পরের শটেই ব্রাজিলের রুয়ান পাবলোকে থামান তিনি। সাডেন ডেথে ব্রাজিলিয়ান খেলোয়াড় অ্যাঞ্জেলো লক্ষ্যভ্রষ্ট হলে ফাইনাল নিশ্চিত হয় পর্তুগালের।

এর আগে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২–০ গোলে হারিয়েছে ইতালিকে। ২৭ নভেম্বর ফাইনালে অস্ট্রিয়ার বিপক্ষে নামবে পর্তুগাল। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি।