ময়মনসিংহের নান্দাইলে চলমান এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। রোববার (২৪ আগস্ট) খুররম খান চৌধুরী কলেজ কেন্দ্রে কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় এ ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা ও অভিভাবকরা।

ভুক্তভোগীদের অভিযোগ, বোর্ড নির্ধারিত ফি’র বাইরে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজ ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষক—মুশফিকুর রহমান ও রফিকুল ইসলাম—পরীক্ষা চলাকালেই প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা করে আদায় করেন।

একাধিক শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি কম নম্বর দেওয়ার ভয় দেখিয়েও টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়েছেন।

জানা গেছে, স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজ থেকে কৃষি বিভাগে ৩১৯ জন পরীক্ষার্থী এ কেন্দ্রে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “প্রথমে কিছু টাকা নেওয়া হয়েছিল, তবে পরে তা ফেরত দেওয়া হয়েছে।” কেন টাকা নেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, “আনুষঙ্গিক খরচ ছিল।”

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বুলবুল বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না। তবে টাকা আদায় করা অনৈতিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।”

নান্দাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “ব্যবহারিক পরীক্ষা বাবদ টাকা নেওয়ার বিষয়ে আমার কোনো তথ্য নেই। যদি আদায় করে থাকে, তবে তা অনাকাঙ্ক্ষিত ও অনৈতিক।”

এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।