রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলায় ইব্রাহিম খলিল শুভ নামে এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক এবং একটি জুলাই হত্যা মামলার সাক্ষী বলে জানা গেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বসিলার একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ৪ থেকে ৫ জন ব্যক্তি বোরকা ও মাস্ক পরে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ইব্রাহিমের স্বজনদের অভিযোগ, জুলাই হত্যা মামলায় সাক্ষী দেওয়ার কারণেই তার ওপর এই হামলা হয়েছে।
তবে পুলিশ বলছে, নির্বাচন-পরবর্তী সময়ে একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাশাপাশি স্থানীয় আধিপত্য বিস্তার নিয়েও এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।





