লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।
নবযোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন ছাত্রদলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থী আবির আহমেদ বলেন, “আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমাদের অনেককে হামলা-মামলার শিকার হতে হয়েছে। তারেক রহমান আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, তাই আমরা ছাত্রদলে যোগ দিয়েছি।”
আরেক শিক্ষার্থী তাওহীদ ইসলাম বলেন, “শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি আজ ছাত্রদলে যোগ দিয়েছি।”
এ বিষয়ে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ তারা শহীদ জিয়ার আদর্শের দলে যোগ দিয়েছে। আমরা তাদের সঙ্গে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমান এবং সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন প্রমুখ।





