তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তাকে দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছে এনসিপির যুবশক্তি উইং।
\r\nসংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মাহতাব বাঁধন জানান, পরিবারের বরাতে তারা জেনেছেন গত রোববার সকালে পাঞ্জাবি-পায়জামা পরে বাসা থেকে বের হওয়ার পর থেকে মামুনের কোনো খোঁজ নেই। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি র্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ইউনিট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
\r\nযুবশক্তি নেতারা বলেন, এ ঘটনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীরা গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা মামুনকে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আল্টিমেটাম দেন।
\r\nসংবাদ সম্মেলন শেষে উত্তরা ৭ নম্বর সেক্টরে ঝটিকা মিছিলও করে সংগঠনটি।





