মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, শহরকে আরও ভালো করার জন্য তাদের মধ্যে গুরুত্বপূর্ণ মিল রয়েছে। হোয়াইট হাউসে ওভাল অফিসে বৈঠকের পর ট্রাম্প বৈঠকটিকে ‘দারুণ’ ও ‘খুব ফলপ্রসূ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ট্রাম্প বলেন, “আমরা মাত্রই একটি দারুণ বৈঠক করেছি—একটি সত্যিই ভালো, খুব ফলপ্রসূ বৈঠক। আমাদের মিল হলো আমরা চাই আমাদের প্রিয় শহরটি আরও ভালো হোক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি এবং হাউজিং, খাদ্য ও তেলের দামসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি।”
তিনি আরও বলেন, “আমি আশা করি নিউইয়র্ক দারুণ এক মেয়র পাবে। তিনি যত ভালো করবেন, আমি ততই খুশি হব। এখানে কোনো দলের পার্থক্য নেই।” ট্রাম্প মন্তব্য করেন, মামদানি কিছু রক্ষণশীল ও উদারবাদীদেরও বিস্মিত করতে পারেন।





