প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেগম রোকেয়া সমাজ পরিবর্তনের প্রতীক ছিলেন এবং নারী সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে গিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বেগম রোকের যে আদর্শ আমাদের সামনে রেখেছিলেন, এবার পদকপ্রাপ্তরা সেই পথ অনুসরণ করবেন। তিনি যোগ করেন, সম্মাননা পাওয়াই শেষ কথা নয়; আমাদের ব্যর্থতাকেও খুঁজে দেখতে হবে—কেন ১০০ বছরেও আরেকজন বেগম রোকেয়া আসে নি আমাদের পথ দেখাতে।

প্রতিবারের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হয়। এই বছর পদক পেয়েছেন—নারী শিক্ষা (গবেষণা) শাখায় রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) শাখায় কল্পনা আক্তার, মানবাধিকার শাখায় নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ (ক্রীড়া) শাখায় ঋতুপর্ণা চাকমা।