প্রত্যয় গাঙ্গুলী, বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০’। বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে শনিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন হয়। চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।

উৎসব উপলক্ষে সাহিত্য, নাটক, চলচ্চিত্র, সংগীতসহ নানা সাংস্কৃতিক আয়োজনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

প্রথম দিন (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে পাঠচক্র ও সাহিত্য কথন। দ্বিতীয় দিন (১৩ অক্টোবর) কদমতলায় হবে পথনাটক। তৃতীয় দিন (১৪ অক্টোবর) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে থিয়েটার কর্মশালা ‘হাতে খড়ি’। চতুর্থ দিন (১৫ অক্টোবর) প্রদর্শিত হবে বিভিন্ন শর্টফিল্ম।

শেষ দিন (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে থাকবে মেলা উদ্বোধন, বিভাগীয় কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড পারফরম্যান্স। এছাড়া বিকেলে থাকছে অতিথি আলোচনা সভা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুটেক্স সাহিত্য সংসদের সভাপতি সৌরভ চৌহান বলেন, “আমরা চাই, বাংলার সাহিত্য ও সংস্কৃতি ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ুক। ‘অরণ্যের সুর’ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা লোকসাহিত্য ও লোকসংস্কৃতির সঙ্গে পরিচিত হবে, একইসঙ্গে তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক অর্পণ সাহা বলেন, “‘অরণ্যের সুর – ফোক ফেস্ট ২.০’ আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের নিজের হাতে গড়া উৎসব। আশা করছি, এটি শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতির জগতে টেনে আনবে এবং নতুনদের অনুপ্রাণিত করবে।”

বুটেক্স সাহিত্য সংসদের মূলমন্ত্র ‘সাহিত্যের সুতোয় বুনি মননের উত্তরীয়’। সেই মূলমন্ত্রকে ধারণ করেই সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিক চর্চায় এগিয়ে যাচ্ছে সংগঠনটি।