বিয়ের আগেই শারীরিক সম্পর্ক ও মদপানের অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে মোট ১৪০ বার বেত্রাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার আচেহ প্রদেশে প্রকাশ্যে এই শাস্তি কার্যকর করা হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ২১ বছর বয়সী ওই তরুণীকে তিনজন নারী কর্মকর্তা বেত্রাঘাত করেন। শাস্তি কার্যকরের সময় তিনি কাঁদতে কাঁদতে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

ওই যুগলের পাশাপাশি একই দিনে আরও চারজনকে বেত্রাঘাত করা হয়। তাঁদের মধ্যে আচেহর ইসলামিক ফোর্সের একজন সদস্যও ছিলেন। সবার বিরুদ্ধেই ইসলামী শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

ইন্দোনেশিয়ার বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ আচেহতে শরিয়া আইন কার্যকর রয়েছে। এখানে বিয়ের আগে শারীরিক সম্পর্কের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১০০ বার বেত্রাঘাত এবং মদপানের জন্য ৪০ বার বেত্রাঘাতের বিধান রয়েছে।

বিবিসি জানায়, ইসলামিক ফোর্সের ওই সদস্যকে ২৩ বার বেত্রাঘাত করা হয়। ব্যক্তিগত স্থানে নারী সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়।

আচেহর ইসলামিক ফোর্সের প্রধান মুহাম্মদ রিজাল বিবিসিকে বলেন, অভিযুক্ত সদস্যকে তার সঙ্গীর বাড়িতে আটক করা হয়েছিল। ঘটনার পর তাকে বাহিনী থেকে বরখাস্ত করা হবে বলেও জানান তিনি।