বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) প্রায় একতরফা এগিয়ে রয়েছে। বিরোধী মহাগঠবন্ধনকে পিছনে ফেলে জোটটি ভূমিধস জয়ের দিকে এগোচ্ছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী ২৪৩ আসনের মধ্যে এনডিএ এগিয়ে আছে ১৮৯টিতে। সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে প্রয়োজন ১২২ আসন, সেখানে তাদের এগিয়ে থাকা সেই সীমা অনেকটাই ছাড়িয়ে গেছে।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য বলছে, এনডিএর মধ্যে বিজেপি এগিয়ে ৮৯ আসনে এবং মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দল জনতা দল–ইউ (জেডিইউ) এগিয়ে ৭৯ আসনে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) এগিয়ে রয়েছে ২১ আসনে।
অন্যদিকে মহাগঠবন্ধনের অবস্থান বেশ দুর্বল। তারা এগিয়ে আছে মোট ৫০টি আসনে। এর মধ্যে তেজস্বী যাদবের আরজেডি ৩৪টি, কংগ্রেস ৪টি, সিপিআই (এমএল-লিবারেশন) পাঁচটি এবং সিপিএম একটি আসনে এগিয়ে।
মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব নিজ এলাকায় রঘুপুরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন। অন্যদিকে প্রথমবার নির্বাচন করে আলোচনায় আছেন গায়িকা মৈথিলী ঠাকুর, যিনি আলীনগরে বিজেপির প্রার্থী হিসেবে এগিয়ে আছেন। আসাদউদ্দিন ওয়াইসির দল এআইআইএমআইএম পাঁচ আসনে এগিয়ে আছে, যা সীমাঞ্চলে মুসলিম ভোট তাদের দিকে ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে।
২০২০ সালের নির্বাচনে আরজেডি ছিল একক বৃহত্তম দল, জিতেছিল ৭৫টি আসন। তখনও এনডিএর ভরসা ছিল বিজেপির উন্নত পারফরম্যান্সে। এবার পরিস্থিতি খুব একটা বদলায়নি। জেডিইউ আগের তুলনায় ভালো করলেও বিজেপির থেকে প্রায় ১০ আসন পেছনে রয়েছে।
বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে এনডিএর বড় ব্যবধানে এগিয়ে থাকা নারীদের উল্লেখযোগ্য ভোট অংশগ্রহণের ফলও বটে।





