বিতর্কিত মন্তব্যের কারণে সাময়িকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির দায়িত্ব থেকে সরানো হয়েছিল এম নাজমুল ইসলামকে। ১০ দিনেরও কম সময়ের মধ্যে তিনি পুনরায় অর্থ বিভাগের দায়িত্বে ফিরে গেছেন।
গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত ছিলেন এম নাজমুল ইসলাম। সেখানে তাকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। বিসিবির এক পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, “এম নাজমুল ইসলাম শোকজ নোটিসের জবাব শৃঙ্খলা বিভাগে পাঠিয়েছেন। শৃঙ্খলা বিভাগ তার জবাবকে সন্তোষজনক হিসেবে গ্রহণ করেছে।”
এর আগে তামিম ইকবালের বিষয়ে বিতর্কিত মন্তব্যসহ বিভিন্ন বক্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। এক পর্যায়ে তিনি ক্রিকেটারদের টাকা ফেরত দেওয়ার কথাও উল্লেখ করেন। এসব ঘটনায় ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার পদত্যাগের দাবি তুলেছিল।
পরিস্থিতি জটিল হয়ে ওঠার পর ১৫ জানুয়ারি মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজসহ সব বাংলাদেশি ক্রিকেটার বিপিএল বয়কট করেন। এরপর বিসিবি এম নাজমুল ইসলামকে শোকজ নোটিস পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলেন।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব প্রদান করার পর তিনি বিসিবিকে ব্যাখ্যা দিয়েছেন। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সরাসরি কোনো পরিচালককে অপসারণ করতে পারে না। চার বছরের জন্য নির্বাচিত কোনো পরিচালককে কেবল নির্দিষ্ট ক্ষেত্রে শূন্য ঘোষণা করা যায়, যার মধ্যে রয়েছে মৃত্যু, মানসিক ভারসাম্য হারানো, শৃঙ্খলাজনিত শাস্তি, দেউলিয়া ঘোষণা হওয়া বা টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা।





