বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ ড্র’তে শেষ হওয়ার কিছুক্ষণ পরেই উত্তপ্ত হয়ে উঠল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এলাকার পরিবেশ। বিকেল ৫টার দিকে হঠাৎ করেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগের দাবিতে শতাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল বের হয় স্টেডিয়াম চত্বর থেকে।
\r\nবিক্ষোভকারীরা ‘ক্রিকেট নিয়ে টালবাহানা, চলবে না, চলবে না’—এমন নানা স্লোগান দিতে দিতে মিরপুরের মূল সড়ক থেকে মিল্ক ভিটা সড়কের দিকে অগ্রসর হন। তাদের হাতে ছিল ফারুক আহমেদের ছবি সংবলিত ব্যানার, যার ওপর ক্রস চিহ্ন আঁকা ছিল।
\r\nমিছিলে আরও দেখা গেছে পোস্টার—যেখানে লেখা ছিল, ‘ফারুক-পাপন ভাই ভাই, ক্রিকেট বোর্ডের উপায় নাই’, এবং ‘টাকা তুমি কার? ফারুকের নাকি বিসিবির?’ এসব পোস্টার ও স্লোগানে স্পষ্ট, বিক্ষোভকারীরা বোর্ডের স্বচ্ছতা ও নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।
\r\nম্যাচ শেষ হওয়ার পর গ্রাউন্ডসম্যানরা যখন নিয়মমাফিক মাঠ পরিচর্যার কাজে ব্যস্ত, তখনই হঠাৎ শুরু হয় এই বিক্ষোভ। খেলা সংশ্লিষ্ট কেউ এই বিক্ষোভে অংশ নিয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
\r\nবিক্ষোভের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে স্টেডিয়াম এলাকায় বাড়তি পুলিশি তৎপরতা লক্ষ্য করা গেছে।
\r\nবিস্তারিত আসছে…





