বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিলে সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, ৪ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও তা দুই দিন পিছিয়ে ৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওইদিনই ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।


কাউন্সিলর মনোনয়নের শেষ তারিখও কয়েক ধাপে পেছানো হয়েছে। শুরুতে ১৭ সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা করা হয়। এরপর আরও দু’দফায় সময় বাড়িয়ে চূড়ান্তভাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।


এরপর আরেক দফা কাউন্সিলর মনোনয়নের সময় পিছিয়ে ২২ সেপ্টেম্বর নির্ধারণ করেছে কমিশন। নতুন তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। মনোনয়ন বিতরণ ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর।


এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে। নির্বাচনের ফল প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বরই। তফসিলে জানানো হয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যা ৬টায়। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ হবে।


এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিপক্ষে লড়তে মাঠে নামছেন দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফলে এই দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছেন আরও অনেক হেভিওয়েট প্রার্থী, যার মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ সংগঠকরা।