রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ ১৮ জন গবেষক বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। এদের মধ্যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন ১৩ জন। তালিকাটি তৈরি করেছে মার্কিন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’। জরিপের ফল ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হয়।
তালিকাভুক্ত গবেষকরা হলেন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ্ হাসান নকীব, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলি আকবার, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম এইচ. মন্ডল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাকের হোসাইন ও আতোয়ার রহমান। এছাড়া ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ুন কবির রুবেল, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মহিতোষ বিশ্বাস, ফিসারিজ বিভাগের অধ্যাপক মো. ইয়ামিন হোসাইন, রসায়ন বিভাগের অধ্যাপক হাসান আহমাদ, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মশিউর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. আবু সালেহ মুছা মিয়া।
এর বাইরে রাবির অ্যাফিলিয়েশনে তালিকাভুক্ত আরও ৫ জন গবেষক রয়েছেন। তারা হলেন মোহাম্মাদ আব্দুল হাদি, মোহাম্মাদ শফি উল্যাহ, মনোয়ার হোসাইন খন্দকার, মো. রফিকুল ইসলাম ও মো. চানমিয়া শেখ। তবে তাদের মধ্যে কেউ বর্তমানে রাবির শিক্ষক নন। তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছেন পিএইচডি ডিগ্রি বা অ্যাফিলিয়েশন ব্যবহার করে।
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। গবেষকরা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে পরিচিত করে। আশা করি আগামী বছরে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। যারা গবেষণায় নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের অভিনন্দন জানাই। আমরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করব।”





