চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
রোববার (৮ মার্চ) চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওয়াং ই বলেন, গত এক বছরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ব্যাপক কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিশ্বশক্তিগুলোর মধ্যে সংলাপ ও সমন্বয়ের নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্ব জোরদার করতে নতুন গতি এনে দিয়েছে। পাশাপাশি এটি ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলতেও অনুপ্রেরণা দিচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান অস্থির বিশ্ব পরিস্থিতিতে এই কূটনৈতিক উদ্যোগ বিশ্বশান্তি ও আন্তর্জাতিক ন্যায়বিচার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।





