মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ছাড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯২ দশমিক ৬৯ ডলার। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও ১২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরান–ইসরাইল সংঘাত এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার কারণে বিশ্ব জ্বালানি সরবরাহ চাপে পড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
উল্লেখ্য, এই পথ দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।
বিশেষজ্ঞদের সতর্কতা—দীর্ঘ সময় তেলের উচ্চমূল্য বজায় থাকলে বিশ্বজুড়ে আবারও মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করবে।





