বিশ্ব বসতি দিবস আজ সোমবার। দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে– সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ আলোচনা সভা, র্যালি ও প্রদর্শনী।
বসতি দিবস উপলক্ষে গতকাল বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের নগরাঞ্চলের টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বদ্ধপরিকর। রাজধানীসহ দেশের সব নগরাঞ্চলের উন্নয়নে সরকার বহুবিধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।
আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস উপস্থিত থাকবেন।
সকাল সাড়ে ৮টায় জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে র্যালি যাবে। সোমবার ও আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে একটি প্রদর্শনীর আয়োজন থাকবে। এতে রিহ্যাব, রাজউক, স্থাপত্য, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা আবাসন এবং নির্মাণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য– ‘সবার জন্য আবাসন’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সেমিনার আয়োজন করা হয়েছে। এতে এমআইএসটির অধ্যাপক ড. সুদিপ্তী বিশ্বাস ‘রিজাইলেন্ট কমিউনিটি ওয়েসিস : ইনক্লুসিভ পাবলিক ওপেন স্পেসেস ফর আর্থকোয়েক প্রিপিয়ার্ডনেস’, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্যদ সদস্য ঊষাতন মেহেরা খুশি ‘অ্যান অ্যাসেসমেন্ট অব ইনফরমাল সেটেলমেন্ট অ্যান্ড লো-কস্ট হাউজিং ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ : ফেইলর্স, সাকসেস, ফ্যাক্টরস অ্যান্ড এ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট’ এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটির কান্ট্রি ডিরেক্টর ‘জার্নি টুওয়ার্ড হাউজিং সলিউশন অ্যামিড দ্য আরবান ক্রাইসিস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ ছাড়া আজ সব বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন টাঙানো হবে।





