জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ নিয়ে মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
রোববার রাতের দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে নির্বাচনি পদযাত্রার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিয়েছে এবং ১১ দলীয় জোটের পক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে। আগামী এক সপ্তাহে দল তাদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করবে। প্রচারণার মূল লক্ষ্য হবে সুশাসন, সংস্কার ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা।
তিনি অভিযোগ করেন, “আগে ক্ষমতাসীনরা আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করতো, এখন বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা হচ্ছে। এছাড়া দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আমরা এর বিরোধিতা করতে আইনি পদক্ষেপ নিয়েছি।”
এনসিপির মুখপাত্র আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মিডিয়ায় সমান সুযোগ থাকা উচিত। তিনি যোগ করেন, পদযাত্রার মাধ্যমে জোটের সব দলের প্রার্থীদের পক্ষেও সমর্থন জোরদার করা হবে।
নির্বাচন পদযাত্রার শিডিউলে পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘ যানজটের কারণে চট্টগ্রামে গাড়িবহর পৌঁছাতে দেরি হওয়ায় পরিকল্পিত শহীদ ওয়াসিমের কবর জিয়ারত সম্ভব হয়নি। এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত সাংবাদিকদের কাছে এ জন্য ক্ষমা চেয়েছেন।





