জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রশিবিরের প্যানেলের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মীর মশাররফ হোসেন হলে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
আরিফ উল্লাহ বলেন, “কিছু হলে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ব্যালট পাঠানো হয়েছে। সিদ্ধান্ত ছিল কোনো হলে অতিরিক্ত ব্যালট যাবে না। অথচ সালাম-বরকত হলে ১০১টি বাড়তি ব্যালট পাঠানো হয়েছে, এর কোনো যৌক্তিক ব্যাখ্যা প্রশাসন দিতে পারেনি। এতে আমরা উদ্বিগ্ন হয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন, “গত রাতে ব্যালট পেপারের সঙ্গে ছাত্রদল নেতাদের দেখা গেছে। এক সাংবাদিক ভিডিও ধারণ করতে চাইলে তাঁকে জোর করে তা মুছে ফেলতে বাধ্য করা হয়। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের অবাধ আনাগোনা চলছে। আমরা বিষয়টি ইসিকে জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাইনি।”
ভিপি প্রার্থী বলেন, “ডোপ টেস্টের ফল এখনো প্রকাশ করেনি প্রশাসন। দ্রুত তা প্রকাশ করতে হবে। যত অসঙ্গতি দেখা যাচ্ছে, আশা করি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সমাধান করবে। সুষ্ঠু ভোট হলে আমরা পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হব। তবে ফলাফল যাই হোক, অবাধ নির্বাচন হলে আমরা তা মেনে নেব।”
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল সোয়া আটটার দিকে গেরুয়া ফটকে ‘বহিরাগত প্রবেশ নিষেধ’ লেখা ব্যানার টানানো হয়। ক্যাম্পাসজুড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
\r\nঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, “এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। তবে গেরুয়া ফটক দিয়ে বহিরাগত প্রবেশের আশঙ্কা বেশি, তাই সেখানে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখা হয়েছে।”
এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে রয়েছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। পূর্বে ১৪টি পদ থাকলেও গঠনতন্ত্র সংস্কার করে এখন ২৫টি পদ করা হয়েছে, যার মধ্যে ছয়টি সংরক্ষিত ছাত্রীদের জন্য। পাশাপাশি হল সংসদে লড়ছেন ৪৪৫ জন প্রার্থী।
ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন। ফলাফল তাৎক্ষণিকভাবে সিনেট ভবনের বড় পর্দায় দেখানো হবে এবং প্রতি ঘণ্টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আপডেট জানানো হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজেও ফলাফল প্রকাশ করা হবে।





