ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মো. মনিরুল ইসলামকে সমর্থন দেওয়ায় দলটির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ২১ জানুয়ারি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু এবং লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উল্লিখিত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নড়াইল-২ আসনে নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ)। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম (হাতপাখা), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙল), গণঅধিকার পরিষদের (জিওপি) নুর ইসলাম (ট্রাক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী (ছড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মনিরুল ইসলাম (কলস) ও ফরিদা ইয়াসমিন (জাহাজ) নির্বাচনে অংশ নিচ্ছেন।