বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপনের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রোববার (৫ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে—পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তে দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন দীর্ঘদিনের প্রথা এবং রাষ্ট্রীয় প্রোটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
নোটিশে আরও বলা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২)-এ স্পষ্টভাবে বলা আছে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সব ব্যক্তির ওপর অগ্রাধিকারপ্রাপ্ত। তাই রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশ সংবিধানবিরোধী, প্রোটোকল লঙ্ঘনকারী এবং রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননাকর। এমন কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপতির ছবি অবিলম্বে পুনঃস্থাপনের আহ্বান জানিয়ে নোটিশে বলা হয়, বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন, তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শনের নির্দেশ দিতে হবে।
নোটিশে ১০ দিনের সময়সীমা দিয়ে বলা হয়েছে, এই সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে রাষ্ট্রের ভাবমূর্তি রক্ষায় হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হবে।





