নির্বাচন কমিশন বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হবে।


নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী রোববার সকাল ১০:৩০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে কমিশনের সব সদস্য উপস্থিত থাকবেন।


বৈঠকে বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রধান আলোচ্য বিষয় হবে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ। এছাড়াও নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য কূটনীতিকদের কাছে তুলে ধরা হবে।