ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফেজ নাঈমুর রহমান। তিনি এই বার্তা দিয়েছেন বাংলা ভাষায়, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রকাশিত ওই পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হয়েছে। আলহামদুলিল্লাহ! দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেছে। এই ধরনের পূর্ণ প্যানেল বিজয় বাংলাদেশের ইতিহাসে প্রথম।”

পোস্টে তিনি আরও দাবি করেন, বিপরীত পক্ষের প্যানেলগুলো পেয়েছিল ভারতপন্থী শক্তির সমর্থন। সেই পরিপ্রেক্ষিতে শিবিরের জয়কে তিনি দেখছেন এক ভিন্ন রাজনৈতিক তাৎপর্য হিসেবে। “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক বিজয়ের জন্য ইসলামী ছাত্রশিবিরকে আন্তরিক অভিনন্দন জানাই।”

পাকিস্তান জামায়াতের আমির বলেন, “এই বিজয় শুধু ছাত্র ও যুব সমাজের অধিকার আদায়ে নয়, বরং বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্ত করার পথেও সহায়ক হবে। দেশকে এগিয়ে নেবে উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্তে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও এই কৃতিত্বের দাবিদার। কারণ, তারা প্রতিকূলতা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে।”