মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউস মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
সোমবার (১৬ ডিসেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের বীর শহীদদের ত্যাগ ও সাহসিকতার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করা হয় রাশিয়ান হাউস, লিবারেশন ওয়ার একাডেমি ফাউন্ডেশন এবং রুশ-বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে, যা বিজয় দিবসের একদিন আগে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় অংশীদার সংগঠনগুলোর প্রতিনিধিদের স্বাগত জানান। বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং রাশিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতার ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে রাশিয়ান হাউসের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’ মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে। পরিবেশনাটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীরদের আত্মত্যাগ ও সাহসিকতার স্মৃতিকে জীবন্ত করে তোলে এবং স্বাধীনতা ও শান্তির মূল্যবোধ প্রতিফলিত করে।





