জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে তৃতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকার এ বিচার প্রক্রিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বিচার কার্যক্রম সন্তোষজনক গতিতে এগোচ্ছে।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

আইন উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ ছিল ভয়াবহ। এসব মানবতাবিরোধী অপরাধের বিচারের মাধ্যমে জাতিকে ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত অপরাধের বিচারকাজ বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে। ইতোমধ্যে একাধিক মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, ট্রাইব্যুনাল-২-এর মূল ভবনের সংস্কারকাজ চলমান থাকায় বর্তমানে এর বিচারকাজ টিনশেড কক্ষেই পরিচালিত হচ্ছে।