বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “সংস্কার ও বিচারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। জনগণের স্পষ্ট বার্তা হচ্ছে গণতন্ত্র, আর এর একমাত্র পথ হলো নির্বাচন।”

\r\n

বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

\r\n

আমীর খসরু বলেন, “আজ ঢাকায় লক্ষ লক্ষ তরুণের উপস্থিতি ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ বার্তা দিচ্ছে। এই তারুণ্যের সুনামি প্রমাণ করে, জনগণ ভোটের অধিকার ফেরত চায়। সংস্কারের কথা বলে কেউ যেন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র না করে।”

\r\n

তিনি বলেন, “সংস্কারের কথা বিএনপিই প্রথম বলেছে। বেগম খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ দিয়েছেন, আর তারেক রহমান দিয়েছেন ২৭ দফা, যা পরে ৩১ দফায় পরিণত হয়। সেই প্রস্তাবনার ভেতরেই রয়েছে দেশের ভবিষ্যতের রূপরেখা।”

\r\n

বিচারের প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি এই দেশের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। বিচার যদি কারও করার থাকে, সেটা বিএনপি-ই করবে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে।”

\r\n

তারুণ্যের উদ্দেশে তিনি বলেন, “এই সমাবেশ প্রমাণ করে দেশের তরুণ সমাজ ভোটের অধিকার ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। সরকারকে বলছি—তাদের এই আশা পূরণে কার্যকরী ব্যবস্থা নিন।”