ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় তিনি নিজেই এ তথ্য জানান। এর আগে বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশনে তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

হাফিজ উদ্দিন বলেন, স্পিকারের পদটি জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিরপেক্ষতা বজায় রাখতে তিনি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন।

এর আগে সংসদ নেতা তারেক রহমান অধিবেশনের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে সভাপতি খন্দকার মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে প্রবীণ সংসদ সদস্য হিসেবে খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তেই তিনি এ দায়িত্ব পালন করেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নেন হাফিজ উদ্দিন আহমদ।

হাফিজ উদ্দিন এর আগে পানিসম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং একসময় পাকিস্তান ও বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবেও খেলেছেন।