বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কাঠামোয় এসেছে পরিবর্তন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে নতুন করে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।’

দীর্ঘদিন ধরে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে দায়িত্ব পালন করে আসছেন হুমায়ুন কবির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাকে যুগ্ম মহাসচিব পদে আনার মাধ্যমে বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কার্যক্রম আরও জোরদার করতে চাইছে।

দলীয় সূত্র বলছে, কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক যোগাযোগে হুমায়ুন কবিরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিএনপি। তার এই পদোন্নতির মাধ্যমে দলের আন্তর্জাতিক বিষয়ক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।