কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে সরকার জহিরুল হক মিঠুনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ব্রাহ্মণপাড়া উপজেলায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে। প্রিয় নেতার প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও মন্তব্যের মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন।