বিএনপির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াত ও ছাত্রশিবিরের হামলা ও হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
রুহুল কবির রিজভী বলেন, একটি রাজনৈতিক দলের বট বাহিনী ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশ্লীল ও অবমাননাকর ভাষায় মন্তব্য করছে। তার দাবি, জামায়াত ও ছাত্রশিবির অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দিচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াতের কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। তার মতে, দলটি ক্ষমতায় এলে দেশের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। রিজভী অভিযোগ করেন, জামায়াতের আমির প্রকাশ্যেই বলেছেন যে তাদের দলের প্রধান কখনো নারী হতে পারবেন না।





