বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন সদস্যদের জন্য দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। শনিবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের এমপিরা অংশ নেবেন। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান ও সিনিয়র নেতা ওসমান ফারুক।


গতকাল শুক্রবার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের পাশাপাশি বিকেলে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।

একজন সংসদ সদস্য বলেন, ‘এই কর্মশালার মূল উদ্দেশ্য দলীয় সংসদ সদস্যদের সংসদের কার্যপ্রণালি, বিধি-বিধান ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেওয়া।’

আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জনের মধ্যে ১৪৬ জন নতুন সংসদ সদস্য।