সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলটিতে যুক্ত হন।

\r\n

যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যুক্ত হতে পেরে তিনি গর্বিত এবং আজ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দলের রাজনীতিতে যুক্ত হলেন।


\r\n

মির্জা ফখরুল বলেন, রেজা কিবরিয়ার যোগদান বিএনপির জন্য আনন্দের বিষয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি রেজা কিবরিয়াকে শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে দেশ গঠনে রেজা কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।


\r\n

রেজা কিবরিয়া আগামি জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি ২২৭ আসনে প্রার্থী ঘোষণা করলেও ওই আসনটি শূন্য রাখা হয়েছে।


\r\n

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে পরে সাধারণ সম্পাদক হন। তার সময়েই দলটি দ্বিধাবিভক্ত হয়। এরপর তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিয়ে গণঅধিকার পরিষদ গঠন করেন; সেখানেও বিভক্তি দেখা দেয়। পরে তিনি আমজনতার দল গড়ে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।