আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাঁকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইতিমধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে হবিগঞ্জ–১ আসনটি এখনও শূন্য রয়েছে। রেজা কিবরিয়া জানিয়েছেন, তিনি ওই আসন থেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজ আমি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।”

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।