গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, বিএনপি প্রতিবারই নতুন শক্তি নিয়ে ফিরে এসেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে। এর মধ্যেও বিএনপি ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ নিয়ে।”
তিনি আরও বলেন, গত ১৫ বছরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। বিএনপি সংস্কার কমিশনের প্রস্তাবে সহযোগিতা করেছে বলেও উল্লেখ করেন মহাসচিব।
আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা। জনগণের সমর্থন পেলে বিএনপি ৩১ দফা কর্মসূচির মাধ্যমে আমূল পরিবর্তন আনবে।”
বিএনপি ক্ষমতায় গেলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আসবে দাবি করে তিনি বলেন, “জনগণের আস্থা পেলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।”
মির্জা ফখরুল শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, “জিয়া স্বাধীন বিচার বিভাগ, গণমাধ্যমের স্বাধীনতা এবং মুক্তবাজার অর্থনীতি চালু করেছিলেন। তার হাত ধরেই পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। পরবর্তীতে খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, উপদেষ্টা আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।





