পুলিশ বাহিনীকে রাজনৈতিক লাঠিয়াল হিসেবে ব্যবহারের প্রথা থেকে বেরিয়ে এসে জনসেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ি মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পুলিশ বাহিনীকে চাপমুক্তভাবে জনগণের সেবায় নিয়োজিত হতে হবে। পুলিশ বিএনপি কিংবা এনসিপির নয়, পুলিশ হবে জনগণের।\"

পুলিশ বাহিনীতে বিদ্যমান সমস্যাগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “কোনো ঘটনা ঘটলে দায় গিয়ে পড়ে কনস্টেবল থেকে ওসি পর্যন্ত। অথচ অনেক সময় উচ্চপর্যায়ের কর্মকর্তারা ক্ষমতার মোহে ন্যায়ের পথ থেকে বিচ্যুত হন। এজন্য দ্রুত পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন জরুরি।”

এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, সংস্কার না হলে পুলিশের নিচের স্তরের সদস্যদের আবারও রাজনৈতিকভাবে ব্যবহারের ঝুঁকি তৈরি হবে।

দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “বাংলাদেশের প্রতিরক্ষা এখনো যুগোপযোগী নয়। ভারতের এস-৪০০ থাকলেও আমাদের আয়রন ডোম নেই, নেই উন্নত বিমান ও সাবমেরিন। এমনকি নিরাপদে স্কুলে যাওয়ার নিশ্চয়তাও নেই।”

তিনি আরও বলেন, “যদি এনসিপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তাহলে প্রতিরক্ষা খাতে আধুনিকায়ন আনা হবে। সেনাবাহিনীকে বিশ্বমানের প্রশিক্ষণ, প্রযুক্তি ও অস্ত্র দিয়ে প্রস্তুত করা হবে।”

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, “বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজমিস্ত্রি বানিয়ে কনস্ট্রাকশন কোম্পানিতে রূপান্তর করেছে। অথচ সেনাবাহিনী হওয়া উচিত ছিল একটি আধুনিক প্রতিরক্ষা বাহিনী।”

সভায় এনসিপির স্থানীয় নেতারা ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।