বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। বরং সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়তে চায় বিএনপি।
\r\nশনিবার (১৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে জাতীয়তাবাদী বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
\r\nতিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। জনগণ আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্যই, সুতরাং দেশের বর্তমান সংকট নিরসনে একটি নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।”
\r\nড. মঈন খান অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার দাবিদার হলেও তারাই দেশে গণতন্ত্র ধ্বংস করেছে। ১৯৭১ সালের পর গণতন্ত্র হরণ করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল, যেখানে জনগণের মতামতের কোনো স্থান ছিল না। ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলনে সেই সরকার পতনের মুখোমুখি হয়।”
\r\nশহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও জীবনাদর্শ তুলে ধরে মঈন খান বলেন, “তিনি ছিলেন মাঠের রাজনীতিক, বঙ্গভবনে বসে রাজনীতি করেননি। তৃণমূলে গিয়ে দলকে সংগঠিত করেছেন। শিল্প-সাহিত্যকে পৃষ্ঠপোষকতা করেছেন, গ্রামীণ শিল্প-সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। বিদেশ সফরে বাউলদের সঙ্গে নিয়ে গেছেন, যা তার সাংস্কৃতিক মমত্ববোধের পরিচায়ক।”
\r\nতিনি আরও বলেন, “২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি ছিলেন আত্মত্যাগের প্রতীক, নেতৃত্বের এক বিরল উদাহরণ।”
\r\nঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, মেহেদী হাসান তুহিন এবং জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম মহাসচিব ড. কাজী মনিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





