দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কারণে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড়িয়েছে। এ আসনে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
রুমিন ফারহানা ছিলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন না পাওয়া সত্ত্বেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যাওয়ার ঘোষণার সঙ্গে পদত্যাগের কথাও উল্লেখ করেছিলেন।
রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “যদি দল প্রয়োজন মনে করে ব্যবস্থা নেবে, সেটা তাদের বিষয়। আমি বাধা দিতে পারি না। তবে মনোনয়ন প্রাপ্তির আগে সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।”





