ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপির সমর্থক নিজাম উদ্দিন আর নেই। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৩টার দিকে নিজ বাড়িতে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

স্থানীয়রা জানিয়েছেন, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ভাত খাননি। তিনি ঘোষণা করেছিলেন, বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না।

পরিবার ও এলাকাবাসী জানায়, ২০১৪ সালের ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়েছিল। ওই সময় স্থানীয় নেতাকর্মীরা রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন, যা দেখে নিজাম উদ্দিন ক্ষুব্ধ ও অপমানিত হন। এরপর থেকে তিনি কলা, রুটি, চিড়া—এসব শুকনা খাবার গ্রহণ করতেন।

নিজামের ছেলে শাহ আলম বলেন, “বাবাকে ভাত খাওয়ানোর জন্য বহুবার চেষ্টা করেছি। কিন্তু তিনি বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।”

পরিবারের বরাতে জানা গেছে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নেন। ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। কিন্তু পুরোপুরি সুস্থ হতে না পারায় আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

নিজাম উদ্দিন ছিলেন মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূরানী বাক্স মণ্ডলের ছেলে। পেশায় কাঠমিস্ত্রি হলেও রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত প্রতিজ্ঞার কারণে তিনি স্থানীয়ভাবে সুপরিচিত ছিলেন।