বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের জনগণের রায় অনুযায়ী বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর পদে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থাকবেন যদি তিনি সুস্থ ও কাজের উপযোগী হন। আর তার অনুপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের মধ্যে কোনো মতবিরোধ বা দ্বিধাদ্বন্দ্ব নেই।
তারেক রহমানের দেশে ফেরার সময় ও নিরাপত্তা নিয়ে প্রশ্নে ফখরুল বলেন, নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছেন না, তবে তার নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির একটি প্রধান দাবি। এছাড়া তার আবাসন ও অফিস ব্যবস্থা করা হচ্ছে। তার জন্য গাড়িও ঠিক করা হচ্ছে। কিছু সময় লাগছে, তবে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন।
বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল জানান, এটি সম্পূর্ণ তার স্বাস্থ্যের ওপর নির্ভর করবে। তিনি বিএনপির লিজেন্ডারি লিডার হিসেবে নির্বাচনী প্রচারণায় নামলে সেটি দলের জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হবে।





