বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে ইসলাম, কোরআন ও সুন্নাহর বিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন,\"আমরা বিশ্বাস করি, বাংলাদেশে ইসলামপ্রিয় মানুষ ও আলেম-ওলামাদের মতামতকে গুরুত্ব দিয়ে চলতে হবে। আমাদের প্রতিশ্রুতি— ইসলাম ও শরিয়তের বিরোধী কোনো আইন প্রণয়ন বিএনপি করবে না।\"
তিনি বলেন,\"বাংলাদেশে মাদরাসা শিক্ষার প্রসার হোক— এটা আমরাও চাই। তবে সেই শিক্ষাঙ্গন যেন কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক হাতিয়ারে পরিণত না হয়, সেটাও আমাদের অবস্থান।\"
সালাহউদ্দিন জানান, বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক এবং ইসলামপন্থি বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসেছে। \"হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, শর্ষিনার পীর সাহেবের সঙ্গে মতবিনিময় করেছি। আলিয়া ধারার সব শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে,\"— বলেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন,\"আমাদের লক্ষ্য একটাই— জনগণের সকল অংশকে ঐক্যবদ্ধ করে এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে বিভাজন থাকবে না, বিভ্রান্তি থাকবে না, থাকবে না বিদ্বেষ।\"
বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও কয়েকজন লিয়াঁজো সদস্য এবং জমিয়াতুল মোদার্রেছীনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইসলামপন্থি ভোটারদের আস্থা অর্জনের কৌশলগত উদ্যোগ নিচ্ছে।





