তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগাভাগির ভিত্তিতে প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গণমাধ্যম এখনো মূলত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, গণমাধ্যমকে সব গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। তবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐকমত্যের ওপর।

তিনি আরও বলেন, সিভিল-মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট প্রভাবমুক্ত না করলে মিডিয়াকেও ফ্যাসিস্ট প্রভাবমুক্ত করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় কোনো ধরনের বাধা দেওয়া উচিত নয়।

আলোচনায় অন্য বক্তারা বলেন, আগের সরকারের আমলে গণমাধ্যমে যেসব অনিয়ম ছিল, তা থেকে মুক্তির সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। তারা অভিযোগ করেন, অনেক গণমাধ্যম সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের অবস্থান বদলে ফেলে। সংবাদ প্রকাশে বিভিন্ন এজেন্সির নিয়ন্ত্রণও কাজ করছে বলে মন্তব্য করেন তারা। বক্তাদের মতে, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে হলুদ সাংবাদিকতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।