পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসির প্রতিটি বাস থেকে কালো ধোঁয়া বের হয়। তিনি চ্যালেঞ্জ করেন, এসব বাসের ধোঁয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও তা কার্যকরভাবে হচ্ছে না।
মঙ্গলবার তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে গাড়িচালক ও শ্রমিকদের দক্ষতা এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করা যেত কি না, সেটাই আমাদের প্রশ্ন। আমি গত ১০ মাস ধরে স্ক্র্যাপ পলিসি বাস্তবায়নের জন্য ফোন করছি, কিন্তু এখনও কোনো ফল হয়নি। যদি আমরা দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর না হই, তাহলে আর কেউ হবে না।”
তিনি আরও বলেন, “পুরোনো বাসগুলো বদলাতে সময় লাগবে, তবে মেইনটেন্যান্সে অন্তত যত্ন নেওয়া সম্ভব। বিআরটিএর দায়িত্ব হলো সঠিকভাবে এ বিষয়টি তদারকি করা। সময় দিয়েছে, এখন কাজ শুরু করতে হবে।”
উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা উপস্থিত ছিলেন।





